বরিশাল বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার কমছেই
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গত চার বছরে পাস ও জিপিএ-৫ পাওয়ার হার কমার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত চার বছরে এই বোর্ডে এসএসসিতে পাসের হার ১৩ শতাংশ কমেছে। আর জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ৫০ শতাংশ।
বোর্ড সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২০১৪ সালে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৬৫ শতাংশ। ২০১৫ সালে ৬ দশমিক ২৯ শতাংশ কমে পাসের হার হয় ৮৪ দশমিক ৩৭ শতাংশ। ২০১৬ সালে তা আরও ৪ দশমিক ৯৬ শতাংশ কমে পাসের হার দাঁড়ায় ৭৯ দশমিক ৪১ শতাংশ। আরও ২ দশমিক ১৭ শতাংশ কমে এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ২৪ শতাংশে।
কেবল পাসের হার কমেনি, জিপিএ-৫ পাওয়ার হারও এই চার বছরে ৫০ শতাংশ কমেছে। চার বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বোর্ডে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় ৪ হাজার ৭৬২ জন। ২০১৫ সালে ১ হাজার ৫৯১ জন কমে তা দাঁড়ায় ৩ হাজার ১৭১ জনে। আগের বছরের চেয়ে ৫৮ জন কমে ২০১৬ সালে জিপিএ-৫ পায় ৩ হাজার ১১৩ জন। আর এ বছর আগের বছরের চেয়ে কমেছে ৮২৫টি। এবার এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।
ফল খারাপের কারণ
চার বছর ধরে ফলাফল খারাপের বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, গণিতে তিন বছর ধরে সৃজনশীল পদ্ধতি চালু রয়েছে। কিন্তু গণিতে এই অঞ্চলের বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক নেই। গণিতের শিক্ষকদের সৃজনশীল বিষয়ে মাত্র তিন দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে; যা যথেষ্ট নয়। আর এর প্রভাব পড়ছে ফলাফলে। এ ছাড়া শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষা নামের দুটি বিষয়ে শিক্ষার্থীরা এ বছরই প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নিয়েছে। এই দুই বিষয়ে প্রয়োজনীয় শিক্ষকের অভাবে পাঠদানে ঘাটতি ছিল। ফলে ওই দুটি বিষয়ে পাসের হার কম বলে ধারণা করছেন তাঁরা।
বিজ্ঞানে বেশি পাস
এবার বিজ্ঞান বিভাগে এই বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে। এ বিভাগে ২৩ হাজার ৪৯২ জনের মধ্যে পাস করেছে ২১ হাজার ৩৭৮ জন। পাসের হার ৯১ শতাংশ। মানবিক বিভাগে ৩৯ হাজার ৯৫৯ জনের মধ্যে পাস করেছে ২৭ হাজার ৫৭৭ জন। পাসের হার ৬৯ দশমিক শূন্য ১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩০ হাজার ২২৫ জনের মধ্যে পাস করেছে ২৩ হাজার ৪০৩ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৩।
সেরা জেলা ঝালকাঠি
জেলাভিত্তিক পাসের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। পাসের হার ৮২ দশমিক ৭৮ শতাংশ। ৮০ দশমিক ১৪ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল জেলা ও ৭৮ দশমিক ৫৯ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর। এ ছাড়া পটুয়াখালী জেলায় পাসের হার ৭৫ দশমিক ৯৪, বরগুনায় এই হার ৭২ দশমিক ২১ ও ভোলায় সর্বনিম্ন ৭০ দশমিক ৫৮ শতাংশ। ভোলা জেলা গত বছর পাসের হারের দিক থেকে বোর্ডে প্রথম ছিল।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ডের এ বছর উত্তরপত্র মূল্যায়ন করে দেখা গেছে, গণিতে শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল করতে পারেনি। শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিতের মানসম্পন্ন শিক্ষক থাকলেও গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিত শিক্ষকের সংকট প্রকট। সন্তোষজনক ফল না হওয়ার জন্য দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত গণিত শিক্ষকের অভাব অনেকাংশে দায়ী। এ ছাড়া এবার নতুন দুটি বিষয় সংযোজন হওয়ায় সেই বিষয়ে প্রথমবার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ায় সামগ্রিকভাবে ফলাফলে প্রভাব পড়তে পারে। তবে এসব সমস্যা থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি।’