বরিশাল বোর্ডে জিপিএ-৫ প্রায় তিন গুণ বেড়েছে
এবারের এইচএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ভালো ফল করেছেন। ফলাফল বিশ্লেষণ করে বোর্ডের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার বলেছেন, বোর্ডটি প্রতিষ্ঠার ১০ বছরের মধ্যে এবারই রেকর্ডসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পাশাপাশি গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ। বোর্ডের কর্মকর্তারা জানান, এ বোর্ডের আওতায় ২৫৯টি কলেজ থেকে এবার ৩৫ হাজার ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে কৃতকার্য হয়েছেন ২৬ হাজার ১২৫ জন। পাসের হার ৭৪ দশমিক ৩৪ ভাগ, যা গতবারের চেয়ে ৭ দশমিক ১৫ ভাগ বেশি। জিপিএ-৫ বেড়েছে প্রায় তিন গুণ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৪৫৭ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৫৭৪ জন। সার্বিক বিচারে গত ১০ বছরের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে এবারের ফলকে সেরা হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।কর্মকর্তারা জানান, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৩৫, মানবিকে ৬৮ দশমিক ৫৩ ও ব্যবসায় শিক্ষায় ৮৬ দশমিক শূন্য ২ ভাগ। বোর্ডে জিপিএ-৫-এর সিংহভাগ এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। এ বিভাগ থেকে সর্বোচ্চ ৫৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগে ৩১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫৫ জন জিপিএ-৫ পেয়েছেন।সেরা পাঁচ কলেজ: বোর্ড সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানে পাসের হার ৮৫ শতাংশ। বরিশালের অমৃতলাল দে কলেজের অবস্থান এবার দ্বিতীয়। এ বছর প্রতিষ্ঠানটির ৬২২ জনের ২২০ জনই জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৭৪ দশমিক ৩৯ শতাংশ। তৃতীয় হয়েছে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এ প্রতিষ্ঠানের ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ১১৭ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৬৪ দশমিক ৩২ ভাগ। চতুর্থ হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ। এ প্রতিষ্ঠানের এক হাজার ২৭ পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৬২ দশমিক ৮৭। পঞ্চম হয়েছে বরগুনার আমতলী ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠানের ৩৯২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪৩ জন। পাসের হার ৬০ দশমিক ৯৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন শিক্ষার্থী। যেসব কলেজে জিপিএ-৫ বেশি: বরিশালের অমৃতলাল দে কলেজ থেকে এবার সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২২০ জন জিপিএ-৫ পেয়েছেন। বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩৮ জন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে ১১৭, বরগুনার আমতলী কলেজ থেকে ৪৮ এবং বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার ভালো ফল প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা এবারের ফলে খুবই সন্তুষ্ট ও আনন্দিত। উত্তরপত্র দেখার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের একাগ্রতার ফলেই আজকের এই সাফল্য অর্জিত হয়েছে।’