বরিশাল বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমেছে।বোর্ড কর্তৃপক্ষের দাবি, কলেজগুলো অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া বিশেষ করে এক বা দুই বিষয়ে অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেওয়ায় ফল ভালো হয়নি। শিক্ষার্থী ও শিক্ষকেরা বলছেন, প্রশ্নপত্র কঠিন হওয়ায় গত বছরের চেয়ে ফল খারাপ হয়েছে।বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ড থেকে ৩৫ হাজার ৮০৩ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হন ২৫ হাজার ৪৬৪ জন। পাসের হার ৭১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩১০ জন। ২০১০ সালে এইচএসসি পরীক্ষায় ৩৫ হাজার ১৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ২৬ হাজার ১২৫ জন শিক্ষার্থী কৃতকার্য হন। পাসের হার ছিল ৭৪ দশমিক ৩৪ এবং জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৪৫৭ জন।জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শীর্ষে অমৃতলাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমার কলেজে আরও অন্তত ১০০ জন জিপিএ-৫ পেত। পদার্থ ও ইংরেজি বিষয়ের প্রশ্ন খারাপ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’ একই মত পোষণ করে বরিশাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন বলেন, শিক্ষার্থীদের সাপ্তাহিক পরীক্ষা পদ্ধতি বন্ধ হওয়া এবং উপযোগী প্রশ্নপত্র না হওয়ায় শিক্ষার্থীরা আশানুরূপ ফল অর্জন করতে পারেনি।বোর্ডের তৃতীয় স্থান অধিকারী সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, ইংরেজি ও পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র খারাপ হওয়ায় সার্বিকভাবে মফস্বলের কলেজগুলো পিছিয়ে পড়েছে। তিনি আরও বলেন, ‘১৫৯ জন প্রাইভেট পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হয়েছে। তাদের মধ্যেই বেশি শিক্ষার্থী খারাপ করেছে। তা না হলে আমরাই বরিশাল বোর্ডে সেরা কলেজের সম্মান পেতাম।’জিপিএ-৫ পাওয়া অমৃতলাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থী জুয়াইরিয়া মাটি প্রথম আলোকে বলেন, আমি ফলাফলে সন্তুষ্ট। তবে আমার অনেক বন্ধু দু-এক পয়েন্টের জন্য পেছনে পড়েছে, তাদের জন্য খারাপ লাগছে।’ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র নয়, গত বছর যারা বাচনিক (টেস্ট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তারাই এইচএসসির মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। এ বছর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হয়েছে। এ কারণে হয়তো ফলাফল একটু নিচে নেমে এসেছে।তবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, শুধু ইংরেজিতে পাসের হার কম হওয়ার কারণেই ফলাফল এ রকম হয়েছে। প্রশ্নপত্র একটু কঠিন হয়েছে। এ ছাড়া মফস্বলের অনেক কলেজে ইংরেজি শিক্ষকের সংকট রয়েছে।