বরিশাল বোর্ডে ২ হাজার ৭৫১ জনের জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার ১০ বছরের মধ্যে এবারই প্রথম এসএসসিতে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতকাল শনিবার ঘোষিত ফলে এ বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৬৪। আর জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৫১ জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৬৩। আর জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৬৮৮ জন।বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার এ বোর্ডের অধীনে ৫৫ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৪১ হাজার ৩০৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করে আট হাজার ৫৭৩ জন, মানবিকে ১৫ হাজার ৯৩৮ জন ও বাণিজ্য বিভাগে পাস করে ১৬ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২১ হাজার ৪৯৫ জন ছেলে এবং ১৯ হাজার ৮১৪ জন মেয়ে শিক্ষার্থী।শীর্ষ ২০-এর তালিকায় বরিশাল বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে বরিশাল ক্যাডেট কলেজ। তাদের ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল জিলা স্কুল। তাদের ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৩ জন জিপিএ-৫সহ মোট পাস করেছে ২৫৭ জন। তৃতীয় অবস্থানে আছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। তাদের ৩৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৫ জন জিপিএ-৫সহ মোট পাস করেছে ৩৪৬ জন। চতুর্থ অবস্থানটি ভোলা সরকারি বালক বিদ্যালয়ের। এ বিদ্যালয় থেকে ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন জিপিএ-৫সহ ৮৬ জন পাস করেছে। পঞ্চম অবস্থানে আছে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়। তাদের ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন জিপিএ-৫সহ শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম এনায়েত হোসেন ঘোষিত ফলে সন্তোষ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের একাগ্রতা, ভালো প্রস্তুতি এবার ভালো ফল এনে দিয়েছে।