বরিশাল বোর্ডে ৩০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ছয়টি জেলায় এ বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারেনি। এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এর কারণ হিসেবে নির্বাচনী পরীক্ষায় পাস না করা, শিক্ষায় ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে দরিদ্রতা, সামাজিক প্রতিবন্ধকতা ও মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। বোর্ডের কর্মকর্তারা জানান, বোর্ডের আওতায় বরিশাল বিভাগের ছয়টি জেলার বিভিন্ন কলেজ থেকে ২০০৮-০৯ শিক্ষাবছরে ৩৩ হাজার ৬১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য নিবন্ধন করে। কিন্তু চলতি এইচএসসি পরীক্ষায় তাদের মধ্যে সাত হাজার ১০২ জন পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলার দুই হাজার ৩০৪ জন, পটুয়াখালীর এক হাজার ১৯৮ জন, বরগুনার ৭০৯ জন, পিরোজপুরের এক হাজার ১৪৭ জন, ভোলার এক হাজার ৮৭ জন ও ঝালকাঠির ৬৫৭ জন রয়েছে। একই শিক্ষাবর্ষে বোর্ডের অধীনে এসএসসিতে ৬০ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষা দিয়েছে ৩৭ হাজার ৯২৪ জন। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৭২১ জনই এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশ নিতে না পারার বিষয়ে জানতে চাইলে বোর্ডের একাধিক কর্মকর্তা বলেন, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এবার তাদের প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়নি। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকে আর্থিক অনটনের কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়েছে। এ ছাড়া গ্রামাঞ্চলে নারী শিক্ষার্থীদের অনেককে এসএসসি পাসের আগেই অভিভাবকেরা বিয়ে দিয়ে দেন। বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান বলেন, ‘পরীক্ষায় অংশ নিতে না পারার এই হার একটি আশঙ্কার খবর। কারণ, এতে শিক্ষাক্ষেত্রে হতাশা ও নিরুৎসাহ বাড়াবে।’বোর্ডের কলেজ পরিদর্শক সরদার আকবর আলী বলেন, সাম্প্রতিক সময়ে সিডর ও আইলার কারণে দক্ষিণাঞ্চলে দারিদ্র্য বেড়েছে। পারিবারিক অনটনের এ প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়েছে। এটা পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীর হার বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ব্যয় বাড়ায় অনেক অভিভাবক তা নির্বাহ করতে না পারায় অনেকেই এবার পরীক্ষায় অংশ নিতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ মজুমদার গত রোববার প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক অসচ্ছলতা, কারিকুলাম সমস্যা ও সামাজিক প্রতিবন্ধকতা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে না পারার অন্যতম কারণ। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট ৩০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ করতে না পারার বিষয়টি অস্বাভাবিক। কারণ, আমাদের প্রাথমিক স্তরে প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হচ্ছে, তার মাত্র পাঁচ ভাগ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। বাকি ছাত্ররা মাঝপথে ঝরে যাচ্ছে।’