বরিশাল বোর্ডের ফলাফলে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ভুল তথ্য সরবরাহ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। ফলাফলে শতভাগ পাসের তালিকায় যে ছয়টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, তা ছিল গত বছরের তালিকার। পরীক্ষা নিয়ন্ত্রক গত শনিবার রাতে ফলাফলের এই ভুল কম্পিউটারের কারণে হয়েছে স্বীকার করে গতকাল রোববার এ সংক্রান্ত একটি সংশোধনী দিয়েছেন।গত শনিবার বরিশাল বোর্ড থেকে সরবরাহ করা ফলাফলের তালিকা দেখে প্রতিবেদন তৈরি করতে গিয়ে বিপাকে পড়েন বরিশালের সংবাদকর্মীরা। কারণ, ২০০৯ সালে যে ছয়টি প্রতিষ্ঠান শতভাগ পাস করার কৃতিত্ব অর্জন করেছিল, তাদের তালিকাটি এ বছরও দেওয়া হয়েছে।গতকাল বোর্ডের দেওয়া সংশোধনী অনুযায়ী শতভাগ পাসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, লেবুখালী হাবিবুল্লাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তুষখালী মাধ্যমিক বিদ্যালয়, শাপলেজা মডেল হাইস্কুল ও বরিশাল ক্যাডেট কলেজ।এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ফলাফলের যে কোনো ভুলই মারাত্মক। হয়তো তড়িঘড়ি করতে গিয়ে এ সমস্যা হয়েছে।’পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম এনায়েত হোসাইন বলেন, ‘এখানে আমাদের কোনো কিছুই করার ছিল না। আমরা ঢাকা থেকে পাঠানো ফলাফল সরবরাহ করেছি মাত্র।’