বরিশাল-ভোলা-চরফ্যাশন সড়ক যোগাযোগ একধাপ এগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল ভোলা সদর উপজেলায় তেঁতুলিয়া নদীর শাখা খালে নির্মিত বাঘমারা সেতুটি উদ্বোধন করেন l প্রথম আলো
এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল ভোলা সদর উপজেলায় তেঁতুলিয়া নদীর শাখা খালে নির্মিত বাঘমারা সেতুটি উদ্বোধন করেন l প্রথম আলো

ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীর শাখা খালে বাঘমারা সেতু নির্মিত হওয়ায় চরফ্যাশন-ভোলা ও বরিশাল সড়কের উন্নয়ন একধাপ এগিয়ে গেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সেতুর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন, সাংসদ হাবিবে মিল্লাত প্রমুখ।

আয়োজক সূত্র জানায়, গত শনিবার দুপুরে মন্ত্রীরা ভোলার চরফ্যাশন আসেন হেলিকপ্টারে। সেখানে নবনির্মিত চরফ্যাশন উপজেলা কমপ্লেক্স ভবন, লালমোহন লঞ্চঘাট খালের ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ চরফ্যাশন ও লালমোহনে সুধী সমাবেশ ও ভোলা সদরের বাংলাবাজারে জনসভা করেছেন। ওই দিন রাত নয়টার দিকে জেলা পরিষদ চত্বরে ভোলা পৌরসভা ও ভোলা জেলা পরিষদ মন্ত্রীদের সংবর্ধনা দেয়।

গতকাল ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া, আলীনগর, উত্তর ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নে মন্ত্রীরা পথসভা করেছেন। এ ছাড়া বোরহানউদ্দিন উপজেলায় বিকেল চারটায় নতুন আরেকটি গ্যাসকূপ খননকাজের উদ্বোধন করেন দুই মন্ত্রী।

ভেদুরিয়ার পথসভায় মন্ত্রীরা বলেন, বিএনপির কোনো প্রস্তাব মানা হবে না। বর্তমান সরকার সংসদে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে থাকবে আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আন্দোলন-সংগ্রাম করে কোনো লাভ হবে না। অতীতেও তারা সফল হয়নি।

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোলার পল্লি অবকাঠামো উন্নয়নে ৪৬১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভোলার সব রাস্তাঘাট পাকা করা হবে। একটি রাস্তাও কাঁচা থাকবে না। ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। বাঘমারা সেতু হওয়ায় চরফ্যাশন-ভোলা-বরিশাল সড়ক নির্মাণের কাজ একধাপ এগিয়ে গেল।

ভোলার এলজিইডি জ্যেষ্ঠ প্রকৌশলী আবদুস সালাম বলেন, তেঁতুলিয়া নদীর শাখা খালের ওপর বাঘমারা সেতুটি নির্মাণ করতে প্রায় ৪৩ কোটি টাকা খরচ হয়েছে। সেতুর দৈর্ঘ্য ৪৪০ মিটার। প্রস্থ ৮ দশমিক ৪ মিটার।