বরিশাল মহানগর ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল মহানগর কমিটির প্রথম সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকালে অশ্বিনীকুমার হল চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও শিশুসংগঠক জীবন কৃষ্ণ দে।
সম্মেলন উদ্বোধন করতে গিয়ে জীবন কৃষ্ণ দে বলেন, বর্তমানে বাংলাদেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। উন্নয়নের দামামার মধ্যে ভালো মানুষ হারিয়ে যাচ্ছে। ভালো মানুষ একত্র করতে না পারলে এই সময় অতিক্রম করা সম্ভব হবে না। উদ্বোধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অন্য বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি আমাদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে দেশে গণতন্ত্রের ছদ্মবেশে স্বৈরতন্ত্র চলছে। শিক্ষা পদ্ধতির ত্রুটির কারণে শিক্ষার্থীরা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে। শিক্ষা খাতে বাজেট বাড়ানো, কোচিং বাণিজ্য বন্ধ ও সহায়ক বইয়ের আদলে নোট বই বন্ধ করতে হবে।
সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শাহাদাৎ শাওনের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।