বরিশাল মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে গত রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগ-সমর্থিত ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ আটজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় সূত্রে জানা যায়, মেডিকেল কলেজের জামিলুর রহমান, হাবিবুর রহমান ও মাঈনুল হায়দার ছাত্রাবাসে অনেক দিন ধরে ছাত্রলীগের কমিটি নেই। ছাত্রকল্যাণ পরিষদের ভিপি, জিএস ও ছাত্রলীগের আহ্বায়ককে নিজেদের মধ্যে আলোচনা করে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। ওই কমিটি গঠন নিয়ে পরিষদের সহসভাপতি আবু তালেব আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত সাড়ে ১১টার দিকে আবু তালেব আবদুল্লাহ ছাত্রকল্যাণ পরিষদ থেকে বহিষ্কৃত খন্দকার আবদুল কাইয়ুম, জিয়াউল হক ও আনোয়ার শাহ্দৎকে নিয়ে কমিটি গঠনের জন্য হাবিবুর রহমান ছাত্রাবাসে যান। দলবল নিয়ে সেখানে উপস্থিত হন সাধারণ সম্পাদক আনিছুর রহমান। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় আনিছুরের সমর্থকদের ওপর। এ ঘটনায় আনিছুর রহমান, রবীন্দ্রনাথ সরকারসহ কমপক্ষে আটজন আহত হন।আবু তালেব আবদুল্লাহ অভিযোগ করেন, ‘সবাইকে নিয়ে কমিটি গঠনের কথা থাকলেও সাধারণ সম্পাদক একা একটি কমিটি গঠন করেন। বিতর্কিত এই কমিটি নিয়ে সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা হাবিবুর রহমান ছাত্রাবাসে বৈঠকে বসি। এ সময় আনিছ, রবীন্দ্রনাথ অহেতুক বিতর্ক শুরু করেন।’ কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে আনিছুর রহমান বলেন, ‘আবু তালেব আবদুল্লাহ কাউকে কিছু না জানিয়ে কমিটি গঠন করতে যান। আমি সেখানে গিয়ে এ ব্যাপারে জানতে চাই। এ সময় আবু তালেব আমাকে কুপিয়ে জখম করেন।’ জমিলুর রহমান ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।