বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে গত রোববার রাতে সিটি করপোরেশন নির্বাচনের তিন মেয়র পদপ্রার্থীকে নিয়ে ‘জনতার মুখোমুখি’ নামের অনুষ্ঠান হয়। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেনের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব। এরপর আহসান হাবিবের কর্মী-সমর্থকেরা মিলনায়তনের চেয়ার ও দরজা-জানালার কাচ ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।এই ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১১টায় ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ছাত্রলীগের অনেক নেতা-কর্মীকে দেখা গেছে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, একটি বেসরকারি টেলিভিশনের উদ্যোগে রোববার রাতে ‘জনতার মুখোমুখি’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশ্নোত্তর পর্বে নগরের জলাবদ্ধতার প্রশ্নে খাল ভরাটের প্রসঙ্গ উঠলে সদ্য সাবেক মেয়র শওকত হোসেন তা অস্বীকার করে দাবি করেন, ১০টি খালের মধ্যে আটটিই আহসান হাবিবের সময় ভরাট হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কের একপর্যায়ে আহসান হাবিব উত্তেজিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপরই তাঁর কর্মী-সমর্থকেরা মিলনায়তনে ভাঙচুর চালান। উপস্থাপক দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠান বন্ধ করে দেন।এ ব্যাপারে আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা কোনো ভাঙচুর করেননি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তাঁর সমর্থকেরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’