বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে গতকাল রোববার। বরিশালে উপস্থিত থেকে এবং সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহে কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।
গতকাল দুপুর ১২টায় বরিশাল নগরের হাসপাতাল রোডের উত্তর সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ভিসা আবেদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। এ সময় তিনি বলেন, ভারতে যাওয়ার জন্য ছাত্রদের ভিসা, চিকিৎসাসংক্রান্ত ভিসা, ব্যবসা, ট্রানজিট, এন্ট্রি ভিসাসহ বিভিন্ন ভিসার আবেদন করেন বাংলাদেেশর নাগরিকেরা। তাঁরা যেন সহজে ভিসা পেতে পারেন, বিশেষ করে আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভারত সরকার ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নতুন তিনটি জেলায় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধনের ফলে রাজধানীর গুলশান, ধানমন্ডি, মতিঝিলসহ দেশের ১০টি স্থান থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে।
বরিশালে ভিসা কেন্দ্রের উদ্বোধনের ফলে বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুরের অধিবাসীরা এই কেন্দ্রের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনুষ্ঠানে পঙ্কজ সরন বলেন, চিকিৎসাসংক্রান্ত ভিসার জন্য আবেদনকারীকে আবেদন কেন্দ্রে আসতে হবে না। তাঁর পক্ষে প্রতিনিধি পাঠিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন। রোগীর প্রতিনিধিরাও যাতে সহজে ভিসা পেতে পারেন, সে ব্যবস্থা করা হবে। ছাত্রদের ভিসাসহ পর্যটন ভিসার প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত বরিশালের ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার উপব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্ত, ব্যাংকের বাংলাদেশ-প্রধান পিনাক চক্রবর্তী, বরিশাল মহানগরীর পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রমুখ।
বরিশাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও ময়মনসিংহ জেলায় পৃথক দুটি ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন পঙ্কজ সরন।
ময়মনসিংহ শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়াবাড়িতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অফিস থেকে গতকাল ভিডিও কনফারেন্সে অংশ নেয় ময়মনসিংহের প্রতিনিধিদল। ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও টাঙ্গাইলের অধিবাসীরা এই কেন্দ্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। উদ্বোধনের সময় এই কার্যালয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক, পৌরসভার মেয়র মো. ইকরামুল হক প্রমুখ।
ভিডিও কনফারেন্স পরিচালনা করেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশের আইটি-প্রধান শঙ্করপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোবারক হোসাইন বলেন, তাঁদের মুঠোফোনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ইউক্যাশের মাধ্যমে ভিসা আবেদনের অর্থ জমা দিতে হবে।
রংপুর নগরের মাহীগঞ্জ এলাকায় জে বি সেন রোডে ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়। এখানে ভিসা আবেদন কেন্দ্র চালু হওয়ার ফলে রংপুর বিভাগের আট জেলার অধিবাসীদের ভারতে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে এখন থেকে আর রাজশাহী যেতে হবে না। সব কার্যক্রম রংপুরের ভিসা কেন্দ্র থেকে পাওয়া যাবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দীন আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর এবং বরিশাল ও ময়মনসিংহ অফিস)