বরিশাল রেড ক্রিসেন্ট হাসপাতাল সাত মাস পর চালু
সাত মাস বন্ধ থাকার পর ৭৭ বছরের পুরোনো বরিশাল রেড ক্রিসেন্ট হাসপাতাল চালু হয়েছে।দরিদ্র ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গতকাল রোববার হাসপাতালের বহির্বিভাগ চালু হয়েছে।
বরিশাল রেড ক্রিসেন্ট হাসপাতালের সাবেক পরিচালক বর্তমানে কেন্দ্রীয় রেড ক্রিসেন্টের পরিচালক (স্বাস্থ্য) চিকিৎসক আবদুর রব হাওলাদার প্রথম আলোকে বলেন, হাসপাতালটি পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এর পরই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল আবার চালুর ব্যাপারে পত্রিকা ও মাইকে প্রচার করার পরিকল্পনা রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৩৭ সালে মা ও শিশুর স্বাস্থ্যসেবার জন্য বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। হাসপাতাল পরিচালনায় রেড ক্রিসেন্ট সোসাইটি এক ব্যক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে সমস্যা দেখা দেয়। গত জানুয়ারিতে এর চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়।
এ নিয়ে গত ৭ জুলাই ‘রেড ক্রিসেন্ট হাসপাতাল বন্ধ’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
হাসপাতালের হিসাবরক্ষক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পরও গতকাল বহির্বিভাগে ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। আগে নিয়মিত চালু থাকার সময়ে হাসপাতালে মা ও শিশু মিলিয়ে প্রতিদিন গড়ে ৩০০-৩৫০ জন রোগী আসত। প্রচার হলে আগের মতো বেশিসংখ্যক রোগীকে সেবা দেওয়া যাবে।