বরিশাল শহীদ মিনার প্রাঙ্গণে মেলা, ক্ষোভ
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাণিজ্যিকভাবে গাড়ি মেলার আয়োজনে ক্ষুব্ধ হয়েছেন নগরের সংস্কৃতিকর্মীরা। মেলা আয়োজক কমিটির দাবি, সিটি করপোরেশনের অনুমতি নিয়েই মেলা আয়োজন করা হয়েছে। তবে সিটি করপোরেশন ও শহীদ মিনার সংরক্ষণ কমিটি জানিয়েছে, তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। শাওন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান গত রোববার থেকে চার দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে।অর্থের বিনিময় গাড়ি মেলার অনুমতি দিয়ে সিটি করপোরেশন শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করেছে—দাবি করে বরিশালের ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ বলেন, বিগত দিনেও এ রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের বাধা ও প্রতিবাদের মুখে বাণিজ্যিক ওই সব উদ্যোগ সফল হয়নি। শহীদ মিনার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী বলেন, মেলার জন্য তাঁরা কোনো লিখিত অনুমতি দেননি। সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ প্রথম আলোকে বলেন, তাঁরা শহীদ মিনারে মেলা করার জন্য কোনো অনুমতি দেননি। সিটি এলাকায় মেলা করতে হলে করপোরেশনকে কর দিতে হয়। করপোরেশন শুধু সেই কর নিয়েছে।শহীদ মিনার সংরক্ষণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং সাংস্কৃতিক সংগঠকেরা উদ্বেগ প্রকাশ করায় তাত্ক্ষণিকভাবে মেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।