বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনীকুমার ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতির বৈধতা চ্যালেঞ্জ করে বরিশালের গৌরনদী সহকারী জজ আদালতে মামলা হয়েছে। এতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১১ জনকে আসামি করা হয়েছে।ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য আবদুল আজিজ সরদার গত রোববার মামলাটি করেন। সভাপতিকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, আগামী ১০ দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন আদালত। মামলায় অভিযোগ করা হয়, বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাওলাদার প্রভাব খাটিয়ে সদস্যদের সই নিয়ে নিজেকে সভাপতি ঘোষণা করেন। তিনি অবৈধ পন্থায় নিয়োগ-বাণিজ্য শুরু করেছেন। এরই মধ্যে সহকারী শিক্ষক পদে একজনকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া আরও কিছু পদে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন।অভিযোগের ব্যাপারে আবদুর রব হাওলাদার বলেন, ‘অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে অর্থের প্রলোভন দেখানো হয়েছে, যা আমি গ্রহণ করিনি।’