বরিশাল শিক্ষা বোর্ডে ভুতুড়ে ফলাফল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কার্ফা পাবলিক একাডেমির অর্ফিয়া চৌধুরী ২০১০ সালের এএসসি পরীক্ষায় সাধারণ গণিতে অকৃতকার্য হয়। এবার সে ওই বিষয়ে পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে তাকে সাধারণ বিজ্ঞানে অকৃতকার্য দেখানো হয়েছে। আগৈলঝাড়া উপজেলার ভেগাই হালদার একাডেমি থেকে ছয়জন শুধু ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলেও সাধারণ বিজ্ঞানে ফেল দেখানো হয়েছে তাদের একজন শরীফুল ইসলামকে।বরিশাল শিক্ষা বোর্ডের ভুলের কারণে অর্ফিয়া চৌধুরী ও শরীফুল ইসলামের মতো বিভ্রান্তি ও মানসিক যন্ত্রণায় পড়েছে প্রায় তিন হাজার শিক্ষার্থী। পাস করার পরও ফলাফলে তাদের অকৃতকার্য দেখানো হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে বোর্ডে পাসের হারও কমে গেছে।অর্ফিয়ার বড় ভাই অশোক কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ফলাফল ঘোষণার পর সন্দেহ হলে তিনি ইন্টারনেটে ফলাফল দেখেন। সেখানে দেখা যায়, সাধারণ গণিতে (বি) পেয়ে পাস করলেও সাধারণ বিজ্ঞানে অর্ফিয়া অকৃতকার্য (এফ) হয়েছে। অথচ অর্ফিয়া সাধারণ বিজ্ঞানে গত বছরই উত্তীর্ণ হয়েছে। শরীফুলের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, ‘আমার প্রতিষ্ঠানেই নয়, আরও অনেক প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে। বোর্ডের ভুলের কারণে আমাদের পাসের হার কমে গেছে।’ বরিশাল শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়, নিয়মিত শিক্ষার্থীরা ১০ বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এক বা দুই বিষয় পরীক্ষায় অংশ নিয়েছে অনিয়মিতরা। কিন্তু ফলাফল তৈরির সময় অনিয়মিতদের বিষয়টি মাথায় না নিয়ে সবাইকে নিয়মিত হিসেবে কম্পিউটারে ফলাফল প্রস্তুত করায় ওই সমস্যা হয়েছে। একটি ভুলের কারণে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর ফলাফলে এ রকম ভুল হয়েছে। যাঁরা কম্পিউটারের দায়িত্বে ছিলেন, তাঁদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। বরিশাল নগরের জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়াংকা সরকার বলেন, ‘পরীক্ষা দিলাম শুধু গণিতে, আর ফেল করলাম সাধারণ বিজ্ঞানে। এটা কীভাবে সম্ভব হলো জানি না। ফলাফল পেয়ে আমার আত্মহত্যা করার মতো অবস্থা হয়েছিল।’ একইভাবে ফলাফল নিয়ে বিভ্রান্তিতে পড়েছে এই বিদ্যালয়ের ইসরাত জাহান, আয়শা আক্তার আশা ও সুমা চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মো. ফারুক প্রথম আলোকে বলেন, পাস করা বিষয়ে ফেল দেখিয়ে ফলাফল ঘোষণা করায় অনেক শিক্ষার্থী এভাবে সমস্যায় পড়েছে। বোর্ডের এই ভুলের কারণে যেকোনো ধরনের অঘটন ঘটে যেতে পারত। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার বলেন, এক বা দুই বিষয় ফেল করা শিক্ষার্থীদের ফলাফল শিট একইভাবে তৈরি করায় ওই ভুল হয়েছে। যেভাবেই হোক এটা বোর্ডের ভুল। যত দ্রুত সম্ভব ওই সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যে ওয়েবসাইটে সঠিক তথ্য দেওয়া শুরু হয়েছে।বরিশাল শিক্ষা বোর্ড থেকে এ বছর ৬১ হাজার ৫৯০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ২২২ জন। পাসের হার ৭৮ দশমিক ৩০।