বরিশাল শিশু পরিবারে শিশুর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বরিশাল সরকারি শিশুসদনে (বালক) একটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সদনের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গেছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সদন কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক পাখা ঝোলানোর হুকের সঙ্গে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শিশুটি। তবে পুলিশ বলছে, ১০ ফুট উঁচুতে রশি ঝুলিয়ে শিশুটির পক্ষে আত্মহত্যা করা সন্দেহজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিশুসদনের তত্ত্বাবধায়ক মো. হেমায়েত উদ্দিনের ভাষ্য অনুযায়ী, ২০১২ সালে মশিউর রহমান (১২) নামের ওই শিশুটি বরিশাল শিশু পরিবারে ভর্তি হয়। তখন থেকেই সে সদনের (বালক) ৯ নম্বর কক্ষে থাকত। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সে মাঠে খেলা করছিল। তখন তাকে মাথা আঁচড়ে আসতে বলা হয়। এরপর সে তার কক্ষে চলে যায়। পাঁচটার দিকে ওই কক্ষের অন্য এক শিশুর চিৎকার শুনে সেখানে গিয়ে মশিউরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সে বৈদ্যুতিক পাখা ঝোলানোর হুকের সঙ্গে রশি ও গামছা জোড়া লাগিয়ে গলায় ফাঁস লাগায়। সঙ্গে সঙ্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাতটার পর পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পাখা ঝোলানোর হুকের সঙ্গে যে রশি পাওয়া গেছে, তাতে ঝুলে ওই শিশুর পক্ষে আত্মহত্যা করা কঠিন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
ময়নাতদন্ত শেষে গতকাল রোববার জোহরের নামাজ শেষে শিশুসদন মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক পরিচয় না থাকায় আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে তার দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সেফ হোমের তত্ত্বাবধায়ক শ্যামল সেন গুপ্ত নিশ্চিত করেছেন।