বরিশাল সদর হাসপাতালে পানির জন্য হাহাকার
বরিশাল সদর হাসপাতালে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখানে বিশুদ্ধ খাওয়ার পানি নেই। নেই গোসল থেকে শুরু করে দৈনন্দিন কাজে ব্যবহার-উপযোগী পানি। এ কারণে রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই দুর্ভোগ পোহাচ্ছেন।সরেজমিন দেখা গেছে, হাসপাতালে সরবরাহ করা পানির রং হলুদ এবং এ পানি ময়লাযুক্ত। লবণাক্ততার কারণে এ পানি মুখে দেওয়া যায় না। তাই অনেক রোগী বাইরে থেকে বিশুদ্ধ পানি এনে পান করছেন।হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন মো. সেলিম বলেন, ‘হাসপাতালের পানি খাওয়া তো দূরের কথা, ব্যবহারও করা যায় না। আমরা বাইরে থেকে পানি এনে খাই।’ হাসপাতালের এক আয়া বলেন, ‘ওই যে দ্যাহেন ক্যামন হলুদ পানি পড়ছে, পানি মুহে দেওয়া যায় না, খালি নুন নুন লাগে।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের জন্য ২০০৪ সালে একটি টারবাইন পাম্প বসানো হয়। পাইপ দিয়ে মাটির নিচ থেকে এ পানি ওঠানো হতো। ২০০৯ সাল পর্যন্ত এ পাম্প দিয়েই বিশুদ্ধ পানি সরবরাহ করা হতো। এর পর থেকে এ পাম্পের পানির সঙ্গে দূষিত জীবাণু আসতে থাকে। একপর্যায়ে পানি হলুদ হয়ে যায়। জানা গেছে, পাম্প নষ্ট হয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি সরবরাহের নতুন প্রকল্প গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা পানি সরবরাহের ব্যবস্থা করার জন্য ১১ লাখ ৪৪ হাজার টাকার একটি প্রকল্প প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়।স্থানীয়ভাবে পানির সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় ২০১১ সালের আগস্ট মাসে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। কিন্তু ওই নলকূপ দিয়ে পানি তোলার সময় পাইপ ফেটে যায়। এ কারণে নলকূপটি চালু করা যায়নি। এতে হাসপাতালে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গতকাল পর্যন্ত ওই পাম্প চালু করা সম্ভব হয়নি।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ কে এম সামসুদ্দিন আহম্মেদ বলেন, ‘হাসপাতালে খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকট রয়েছে। শুধু রোগী নয়, আমরা সবাই পানিতে কষ্ট পাচ্ছি। সম্প্রতি বসানো নলকূপের পাইপ ফেটে গেছে। এতে পানি দূষিত ও লবণাক্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।’স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, ত্রুটিপূর্ণ নলকূপটি এখনো হস্তান্তর করা হয়নি। ওটিতে সমস্যা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান নতুনভাবে স্থাপন করে দেবে।