বরিশাল সদরে আ.লীগ ও প্রশাসন প্রভাব খাটাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেছেন, বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও প্রশাসন প্রভাব বিস্তার করছে। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য হয়রানি করছে এবং মিথ্যা মামলায় নেতা-কর্মীদের আটক করছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মজিবর রহমান সরোয়ার এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগ কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তিনি আরও বলেন, বরিশাল সদর উপজেলায় বিএনপি বারবার জয়ী হচ্ছে। আওয়ামী লীগ এটা কেড়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যে জাগুয়া ইউনিয়নে নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. মন্টু খানকে আটক করা হয়েছে। একইভাবে আটক করা হয়েছে চরকাউয়া ইউনিয়নের প্রধান নির্বাচন সমন্বয়কারী আনোয়ার হোসেন, কর্ণকাঠি স্কুল কেন্দ্রের সমন্বয়কারী কাজী মোকলেছুর রহমান ও রফিকুল ইসলামকে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রশাসনও সহযোগিতা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সদর উপজেলা বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’ বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, কাউকে অহেতুক হয়রানি করা হচ্ছে না।