বরিশাল সরকারি খামারে হাঁস-মুরগিই নেই
বরিশাল বিভাগের একমাত্র ডিম ও বাচ্চা উৎপাদনকারী সরকারি হাঁস-মুরগির খামারে দীর্ঘদিন কোনো হাঁস-মুরগি নেই। সব ব্যবস্থা থাকলেও পড়ে রয়েছে কয়েক কোটি টাকার স্থাপনা। বেদখল হয়ে যাচ্ছে খামারের জমি। নির্জন ও পরিত্যক্ত থাকায় খামারটি বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৫৪ সালে বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় ১৮ একর জায়গায় গড়ে ওঠে হাঁস-মুরগির খামার। এ অঞ্চলের লাভজনক প্রতিষ্ঠান হিসেবেই পরিচিতি পায় খামারটি। খামার উন্নয়নে পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ না নেওয়া ও অবহেলার কারণে এটি এখন প্রায় পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকায় নষ্ট হতে বসেছে এর উপকরণগুলো।সরেজমিনে দেখা গেছে, মুরগি রাখার জন্য তৈরি ১২টি শেড, হ্যাচারি হাউস, গোডাউন ফাঁকা পড়ে আছে। পার্শ্বপ্রাচীর না থাকায় খামারের প্রায় ১২ একর লেকের দুই পাশের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। লেক-পার্শ্ববর্তী আবাসিক এলাকার খোলা পায়খানা ও পায়খানার পাইপ গেছে লেকে।খামারের কয়েকজন কর্মচারী জানান, ১৯৯৬ সালে বন্ধ হয়ে যায় এর ডিম বিক্রি ও বাচ্চা উৎপাদন। এর পর থেকে বছরে দু-একবার খুলনা অথবা ঢাকা থেকে বাচ্চা কিনে এনে বিক্রির ব্যবস্থা করা হতো। ২০০৯ সাল থেকে সে প্রক্রিয়াও বন্ধ রয়েছে। বর্তমানে গুদাম, শেড সংস্কার করা হয়েছে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছে ৩৪ হাজার ধারণক্ষমতার বাচ্চা উৎপাদনের হ্যাচারি। সব ব্যবস্থা থাকার পরও পর্যাপ্ত বরাদ্দ না থাকায় খামারটি চালু করা যাচ্ছে না।২৪ বছর ধরে কর্মরত টেকনিশিয়ান আবু ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কাজ না থাকায় ভালো লাগে না। দ্রুত খামারটি চালু হলে বরিশাল অঞ্চলে প্রতিদিন ২০ হাজার বাচ্চার চাহিদা পূরণ করে বাইরেও সরবরাহ করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, বরিশাল অঞ্চলের খামারিরা ৬০ টাকা দামে বাচ্চা কিনে আনেন। অথচ এই খামার চালু হলে মাত্র ১২ থেকে ১৪ টাকায় বাচ্চা পাওয়া যাবে।খামারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, খামার চালু হলে প্রায় দুই হাজার পরিবারের কর্মসংস্থান হবে। অথচ অলাভজনক দেখিয়ে বেসরকারি খাতে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। তা ছাড়া সম্পত্তি দখলে নেওয়ার জন্য এলাকার প্রভাবশালী একটি মহল উঠেপড়ে লেগেছে। বেশ কিছুদিন আগে খামারের প্রায় এক একর সম্পত্তি ভরাটের উদ্যোগ নেয় ওই মহলটি। খামার চালু না হলে ওই চক্র পুনরায় দখলে নেওয়ার চেষ্টা করবে।স্থানীয় একটি সূত্র জানায়, খামারে ঢুকতে দক্ষিণ পাশের একটি অংশ দখল করে নিয়েছেন এনায়েতুর রহমান নামের এক ব্যক্তি। উত্তর পাশের এক একর জায়গা ভরাট করে বরাদ্দ দেওয়ার জন্য চেষ্টা চলছে। এ প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিসুর রহমান জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।এ ব্যাপারে সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালে উত্তর পাশের বাসিন্দারা ওই জায়গা সরকারের কাছ থেকে বরাদ্দ নেওয়ার আবেদন করেন। তিনি তাঁদের সহযোগিতা করেন। তবে বর্তমানে ভরাট বা বরাদ্দের কোনো বিষয়ই তিনি জানেন না।খামারের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নতুন হ্যাচারি বসানো হয়েছে। এটি চালু হলে এলাকার অনেকের কর্মসংস্থান হবে। তবে খামারটিতে কোনো সীমানাপ্রাচীর না থাকায় এটি অরক্ষিত পড়ে আছে। রয়েছে বখাটেদের উৎপাত।