বরিশাল সিটি মেয়রের সংবর্ধনা বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আহসান হাবিবের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান জানান, গতকাল বেলা তিনটায় মেয়র এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহানকে উপজেলা যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পৌর বিএনপির কমিটি অনুমোদন দেওয়ার জন্য উপজেলা যুবদলের সভাপতি বিপ্লব মোল্লা ওই সংবর্ধনার আয়োজন করেন। এ অনুষ্ঠান প্রতিহত করতে বেলা আড়াইটায় উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। বেলা তিনটায় আহসান হাবিবের গাড়িবহর ইচলাদি এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া ও পরে সংঘর্ষ হয়। এ সময় সরফুদ্দিন আহমেদের সমর্থক স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউল আলম ও ছাত্রদলের কর্মী কামাল হোসেন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিলকিস জাহান বলেন, উজিরপুর উপজেলা বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে। ওই দ্বন্দ্বের জের ধরে সংবর্ধনা পণ্ড করার জন্য সরফুদ্দিন আহমেদের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে শেষ পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সেখানে কোনো কমিটির অনুমোদন দেওয়ার ঘটনা ছিল না।

বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক এবায়েদুল হক দাবি করেন, উপজেলায় সংবর্ধনা আয়োজনের বিষয়টি বিতর্কিত ছিল। এ কারণে মেয়র আহসান হাবিব ও বিএনপির নেতা বিলকিস জাহানকে সেখানে যেতে নিষেধ করেছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান। কিন্তু তাঁরা দলের সে সিদ্ধান্ত মানেননি। এ কারণে উপজেলা বিএনপি, যুবদলসহ সর্বস্তরের কর্মীরা তাঁদের প্রতিহত করতে চেয়েছেন।

মজিবর রহমান জানান, তিনি বিলকিস জাহান ও মেয়র আহসান হাবিবকে উজিরপুর উপজেলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যেতে নিষেধ করেছিলেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বেলা আড়াইটার দিকে ইচলাদি এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। লাঠিপেটা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। একপর্যায়ে দুটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আহসান হাবিব দাবি করেন, দলের পক্ষ থেকে তাঁকে কেউ উজিরপুর উপজেলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যেতে নিষেধ করেননি। তাঁর উপস্থিতিতে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। তবে তিনি সেখানে যাওয়ার আগে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।