বরিশাল সিটি মেয়রের সঙ্গে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিমের ছোট ভাই পরিচয় দিয়ে বরিশাল সিটি মেয়রের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র্যাব-৮ গত শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সৈয়দ শাহাদাত হোসেন (৩৬)। তাঁর বাড়ি মাদারীপুর সদর উপজেলার পাতিলাদী গ্রামে।র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মো. মারুফ হোসাইন জানান, শাহাদাত হোসেন সাংসদ শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফ সেজে সিঙ্গাপুরে অবস্থানরত এক কর্মীর শারীরিক অসুস্থতার কথা বলে মুঠোফোনে সিটি মেয়রের কাছে কিছু টাকা চান। মেয়র এসএ পরিবহনের ফরিদপুরের কাউন্টারে পাঁচ লাখ টাকা পাঠান। গত বৃহস্পতিবার শাহাদাত কাউন্টার থেকে ওই টাকা উত্তোলন করেন। এর পর অনুরূপ অসুস্থতার কথা বলে শাহাদাত আরও কিছু টাকার জন্য সিটি মেয়রকে আবার ফোন করেন। এবার মেয়রের সন্দেহ হওয়ায় তিনি শেখ মারুফের কাছে ফোন করে প্রতারণার বিষয়ে নিশ্চিত হন। তিনি প্রতারককে গ্রেপ্তারের জন্য কৌশল করে আরও এক লাখ টাকা দিতে রাজি হন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শাহাদাত আবার এসএ পরিবহনের ফরিদপুর কাউন্টারে টাকা তুলতে গেলে র্যাব সদস্যরা তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেন। শাহাদাতের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতেই তাঁর গ্রামের বাড়ি থেকে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি দুই লাখ টাকা তাঁর শ্বশুর মোশাররফ হোসেন গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের র্যাব ক্যাম্পে এসে জমা দেন।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, র্যাব গতকাল দুপুরে প্রতারণা করে নেওয়া পাঁচ লাখ টাকাসহ শাহাদাতকে থানায় সোপর্দ করেছে। তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বরিশাল সিটি মেয়র গতকাল দিল্লি রওনা হওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) খান মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে বরিশাল থানায় প্রতারণার মামলা করা হবে।