বরিশাল স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
বরিশালে নিজ বাসা থেকে জয় হালদার (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ড্রইং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে কাঠপট্টির টাউন ফার্মেসির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়।
জয় হালদার কাঠপট্টি এলাকার বাসিন্দা নূপুর হালদারের ছেলে। সে বরিশাল নগরের আসমত আলী খান (একে) ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। নূপুর হালদার বলেন, ঘটনার সময় তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বাসায় মায়ের সঙ্গে ছিল জয়। রাত ১০টার দিকে জয়ের মা ছেলেকে রেখে নিচে ওষুধ কিনতে যান। বাসায় ফিরে ছেলেকে ডাকাডাকি করেন। পরে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে সে ঝুলছে।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন বলেন, রাতে খবর পেয়ে জয়ের লাশ উদ্ধার করা হয়। তারপরও হাসপাতালে নেওয়া হয়েছিল। ঝুলন্ত অবস্থায় মারা যায় জয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।