বরিশাল হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ভাঙচুর
শিক্ষক নিয়োগ, শিক্ষা-উপকরণ ক্রয় ও পানিসংকট নিরসনের দাবিতে বরিশাল হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল শনিবার বিক্ষোভ করেছে। এ সময় তারা ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ভবনে ভাঙচুর চালায়।শিক্ষার্থীরা জানায়, গত বছরের জুনে ইনস্টিটিউটে তিন শতাধিক শিক্ষার্থী ভর্তি করে একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। এর আগে নিয়োগ দেওয়া হয় তৃতীয় শ্রেণীর কয়েকজন টেকনোলজিস্ট। কিন্তু কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। শিক্ষার্থীরা আরও জানায়, ইনস্টিটিউটের সাতটি অনুষদের ৩৭০ জন শিক্ষার্থীর ক্লাস রোটেশনের ভিত্তিতে মাত্র একটি কক্ষে নেওয়া হচ্ছে। স্থায়ী শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত ও ভাড়া করা শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। গ্রন্থাগারে বই, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যের সংকট তো আছেই। তা ছাড়া শিক্ষার্থীদের যে ছাত্রাবাসে রাখা হয়েছে, সেখানে পানির ব্যবস্থা নেই। এসব সমস্যার সমাধানে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা নতুন একাডেমিক ভবনের দরজা-জানালা ভাঙচুর করে।