বরিশাল-৫ আসনে উপনির্বাচন ১২ জুন
বরিশাল-৫ (সদর) আসনে আগামী ১২ জুন উপনির্বাচন হবে। আজ সোমবার নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে।
এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ মে। বাছাই করা হবে ১৪ মে আর প্রত্যাহারের শেষ সময় ২১ মে।
গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ মারা যান। এর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবের লনে পায়চারি করার সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান হিরণ। তাঁকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ২৩ মার্চ তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখান থেকে আবার ঢাকায় ফেরত এনে অ্যাপোলো হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়। ৯ এপ্রিল সকালে তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসব্যবস্থা খুলে নেওয়া হয়।