বরিশালকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
বৃহস্পতিবার বেলা সোয়া একটা। নগরের সার্কিট হাউসের সামনে কয়েক হাজার নারী-পুরুষ। তাঁরা সবাই একসঙ্গে বরিশাল জেলাকে বাল্যবিবাহমুক্ত করতে বুকে হাত রেখে অঙ্গীকার করলেন।
‘আমি...শপথ গ্রহণ করিতেছি যে আজ থেকে বরিশালকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করিয়া বরিশাল জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করিলাম। একই সাথে আমার বা আমার কোনো আত্মীয়ের শিশুকে বাল্যবিবাহ দিব না বা আমার জানামতে কোথাও বাল্যবিবাহের সংবাদ অবগত হওয়া মাত্র তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করিব। এই শপথ পালনে আমি দৃঢ় প্রতিজ্ঞ থাকিব।’ বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্যবিবাহবিরোধী নানা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয় এই অনুষ্ঠানে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মো. গাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক (ডিআইইউ) হাসিনা বেগম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. লুৎফর রহমান মণ্ডল, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, সদরের ইউএনও মো. আবদুর রউফ, উজিরপুরের ইউএনও ঝুমুর বালা, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি নূরজাহান বেগম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। এ ছাড়া অনুষ্ঠানে সিটি কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইমাম, কাজী, পুরোহিতরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, বাল্যবিবাহমুক্ত বরিশাল ঘোষণা দিয়ে বসে থাকলে হবে না। সবাইকে একযোগে কাজ করতে হবে। গ্রাম, ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি করে এই কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাহলেই সামাজিক এই ব্যাধি দূর হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে ইভ টিজিং। সচেতন হতে হবে ইমাম, কাজি, পুরোহিত, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে।