বরিশালে অছাত্রদের নিয়ে ছাত্রদলের কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অছাত্র, বিবাহিত ও ব্যবসায়ীদের নিয়ে নিয়ম না মেনে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে। ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত ওই দুটি কমিটি কেন্দ্রীয় সভাপতি সুলতান মাহমুদ টুকু এবং সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম অনুমোদন করেন। এতে ছাত্রদলের ত্যাগী ও সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কেন্দ্র-ঘোষিত ওই কমিটি সংশোধনের দাবিতে গত বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের একটি অংশের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাঁরা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কুশপুত্তলিকা দাহ করেন। আন্দোলনকারী নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রদলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর ক ধারা অনুযায়ী একজন আহ্বায়ক, পাঁচজন যুগ্ম আহ্বায়কসহ ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করার কথা। বরিশালের কমিটি গঠনের ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি। এখানে একজনকে আহ্বায়ক ও ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক করে জেলা এবং একজনকে আহ্বায়ক ও ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে মহানগরের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে গঠনতন্ত্রের ২৯ নম্বর অনুচ্ছেদও সঠিকভাবে মানা হয়নি। এতে উল্লেখ করা হয়েছে, বিএনপি বা তার অঙ্গ সংগঠনের সদস্যরা ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেন না। কিন্তু এ নিয়ম না মেনে বরিশাল নগরের ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল হাসানকে ছাত্রদল বরিশাল মহানগর শাখার আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওলা রাব্বি শামীমকে মহানগরের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র-ঘোষিত এ আহ্বায়ক কমিটির মধ্যে অধিকাংশ সদস্যই অছাত্র, বিবাহিত, ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি। ছাত্রদলের গঠনতন্ত্রের ৬ (১) ধারা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত যেকোনো ছাত্র বা ছাত্রী ছাত্রদলের কমিটিতে থাকবেন। কিন্তু এ নীতিমালাও মানা হয়নি। এদের মধ্যে জেলা কমিটির আহ্বায়ক মাসুদ হাসান মামুন, মহানগর কমিটির আহ্বায়ক আবুল হাসান, মাওলা রাব্বি শামীম, মাজহারুল ইসলাম জাহান, আমিনুল ইসলাম লিপন, মশিউর রহমান মঞ্জু ও আফরোজা খানম নাছরিন বিয়ে করেছেন। তাঁদের কারও ছাত্রত্ব নেই। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূরুল আমীন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম সমীর, খান মো. আনোয়ার, খন্দকার মামুন, নাজমুল হাসান, আজিজুর রহমান ভূইয়া ও মাহফুজ আলম অছাত্র। অন্য যুগ্ম আহ্বায়ক রিয়াজুর রহমান একটি হত্যা মামলার আসামি। দলীয় সূত্রে আরও জানা গেছে, নতুন কমিটির আবুল হাসান, নূরুল আমিন, খন্দকার মামুন ও নাজমুল ব্যবসা করেন। নাম প্রকাশ না করার শর্তে জেলা ও মহানগর ছাত্রদলের একাধিক নেতা বলেন, বরিশাল জেলা ও মহানগর কমিটি করার ক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পরামর্শ নেওয়া হয়নি। যাঁরা দায়িত্ব নিয়ে কমিটি করেছেন, তাঁরা তৃর্ণমূলের সংবাদ রাখেন না।বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পারভেজ আকন বলেন, ‘বিএনপিতে পদ থাকার পরও অনেককে ছাত্রদলের কমিটিতে রাখা হয়েছে, এটা সঠিক হয়নি। আমি চাই সাধারণ ছাত্ররা ছাত্র রাজনীতি করুক। যাঁদের কমিটিতে রাখা হয়েছে, তাঁদের অনেকেই ছেলে-মেয়ের বাবা।’বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি চিন্তাভাবনা করেছে। সেখানে কিছু সিনিয়র-জুনিয়র সমস্যা রয়েছে। ছাত্রত্ব নেই এবং বিবাহিত সমস্যা সমাধান করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি।