বরিশালে অনুদাননির্ভর ৪৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
বরিশাল শহরের সমস্যা অনেক। চাহিদাও বেশি। সিটি করপোরেশনের আয় দিয়ে এই ব্যয় মেটানো সম্ভব নয়। তারপরও সুন্দর ও উন্নত নগর গড়ে তুলতে চেষ্টার কমতি নেই।
গতকাল বুধবার দুপুর ১২টায় নগর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আহসান হাবিব কামাল। তিনি বলেন, ৫৮ বর্গকিলোমিটার নগরে সীমিত আয় দিয়ে উন্নয়নকাজ বাস্তবায়ন খুবই কঠিন। তারপরও নগরবাসীর ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে।
নতুন কোনো করারোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৪৪৪ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৭৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের বড় একটা অংশ ধরা হয়েছে অনুদানের ওপর। উন্নয়ন প্রকল্পে সরকারি ও বিভিন্ন দাতা সংস্থার সম্ভাব্য অনুদান ধরা হয়েছে ৩২৫ কোটি ১৫ লাখ টাকা। আর নিজস্ব বিভিন্ন উৎস থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১১৮ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৭৬৫ টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র জানান, গত অর্থবছরে নিজস্ব আয় ছিল ৩৩ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা। তার বিপরীতে ব্যয় হয়েছে ৪২ কোটি ২৩ লাখ ১১ হাজার ৩৩২ টাকা। গত অর্থবছরে ব্যয় মেটাতে ৮ কোটি ৯৩ লাখ ৬৯ হাজার ৫৮২ টাকা ঋণ করতে হয়েছে। তারপরও এবার বাড়তি করের বোঝা না চাপিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্যানেল মেয়র এ কে এম শহীদুল্লাহ, মোশারেফ আলী খান, তাসলিমা কালাম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ, সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদসহ সব কাউন্সিলর ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই সঙ্গে গত অর্থবছরে ঘোষিত ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৮২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬০০ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।