বরিশালে অপসোনিনের দুটি কারখানায় আবার শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপসোনিন গ্রুপের বরিশালে অবস্থিত দুটি ওষুধ কারখানায় আবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানা দুটিতে ছাঁটাইয়ের আশঙ্কায় গত রোববার শ্রমিকেরা বিক্ষোভ ও গতকাল সোমবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে মালিকপক্ষের আশ্বাসে তাঁরা কাজে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, অপসোনিন গ্রুপের বরিশাল নগরের রূপাতলীতে অবস্থিত গ্লোবাল ক্যাপসুল লিমিটেড এবং বগুড়া রোডের অপসো স্যালাইন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা জানান, কাজে যোগ দিতে কারখানায় এলে নিরাপত্তারক্ষীরা তাঁদের একে একে কর্মকর্তাদের কাছে নিয়ে যান। সেখানে দুটি কাগজে তাঁদের স্বাক্ষর নিয়ে পরিচয়পত্র ও ব্যাংক থেকে বেতন তোলার কার্ড রেখে দিয়ে চলে যেতে বলা হয়। এতে শ্রমিকদের মধ্যে ছাঁটাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা উৎপাদন বন্ধ করে কারখানার ভেতর অবস্থান নেন। পরে বেলা দুইটায় মালিকপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে কাউকে ছাঁটাই না করার আশ্বাস দেওয়া হলে বিকেল চারটা থেকে শ্রমিকেরা কাজে যোগ দেন।নাম প্রকাশ না করার শর্তে দুই কারখানার একাধিক শ্রমিক অভিযোগ করেন, অপসোনিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আবদুর রাকিব খানের বন্ধু রফিকুল ইসলামের অযাচিত হস্তক্ষেপ থেকেই শ্রমিকদের মধ্যে ক্ষোভ জমে ওঠে। তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি জড়িত না হয়েও প্রভাব বিস্তার করায় সমস্যা বাড়ছে। এই রফিকুল একজন ঠিকাদার এবং জমির দালাল।এ ব্যাপারে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। এদিকে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ জেনারেল (প্রশাসন) মো. সাইদুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। কিছু ভুল-বোঝাবুঝি থেকে এমনটা হয়েছিল। তবে বৈঠকের পর শ্রমিকেরা আবার কাজে যোগ দিয়েছেন। এর আগে গত ৬ আগস্ট বেতন-ভাতা বৃদ্ধি, অবসরকালীন ভাতাসহ ১৫ দফা দাবিতে এই দুই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।