বরিশালে অপসোনিনের দুটি কারখানায় বিক্ষোভ, ভাঙচুর
১৫ দফা দাবিতে বরিশালে ওষুধ শিল্প প্রতিষ্ঠান অপসোনিন গ্রুপ অব বাংলাদেশ লিমিটেডের দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ ছাড়া শ্রমিকেরা কর্মকর্তাদের মারধর করেন ও তাঁদের বের করে দিয়ে মূল ফটক বন্ধ করে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় গ্লোবাল ক্যাপসুলের কর্মকর্তাদেরও আটকে রাখা হয়।নগরের বগুড়া রোডে অবস্থিত অপসো-স্যালাইন ও রূপাতলীতে গ্লোবাল ক্যাপসুল কারখানায় গতকাল শনিবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্র জানায়, বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ ১৫ দফা দাবিতে অপসো-স্যালাইনের প্রায় এক হাজার শ্রমিক গতকাল সকাল আটটার দিকে কারখানার ভেতরে থাকা কর্মকর্তাদের মারধর করে বের করে দেন। এরপর শ্রমিকেরা ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেন। এ সময় তাঁরা কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালান এবং বেশ কয়েকজন কর্মকর্তার কুশপুত্তলিকা তৈরি করে মূল ফটকে রেখে দেন। একই সঙ্গে তাঁরা ভেতরে থাকা স্যালাইনের বিভিন্ন উপকরণ রাস্তায় ছুড়ে মারেন। এদিকে অপসো-স্যালাইনে শ্রমিক বিক্ষোভের খবর অপসোনিন বাংলাদেশের গ্লোবাল ক্যাপসুলে পৌঁছালে সেখানেও শ্রমিকেরা বিক্ষোভ করেন। সেখানে শ্রমিকেরা গ্লোবাল ক্যাপসুলের উৎপাদন ব্যবস্থাপক দীপক কুমার বিশ্বাস, মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং উপ-উৎপাদন ব্যবস্থাপক হাবিবুর রহমান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাকে কারখানার ভেতরে আটকে রাখেন। কর্তৃপক্ষের দাবি, বরিশালের অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অপসোনিন শ্রমিকদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে। মূলত মাসিক বেতন ৫ তারিখের মধ্যে না পেয়েই তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা, বোনাস, ওভারটাইমসহ সব ক্ষেত্রে শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন। কর্মকর্তারা তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। চাকরির নিশ্চয়তা নেই এবং বাৎসরিক ছুটি কেটে নেওয়াসহ নানাভাবে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।শ্রমিকেরা দাবি করেন, সব শ্রমিকের বেতনের সঙ্গে অতিরিক্ত দুই হাজার টাকা বাড়িয়ে দিতে হবে। প্রতি বছর এক হাজার টাকা ইনক্রিমেন্ট দিতে হবে। দুই ঈদের বোনাস বাড়িয়ে দিতে হবে, বেতন-ভাতার বৈষম্য দূর, অবসরকালীন ভাতা সঠিক সময়ে দিতে হবে। সরকারি ছুটির দিনে বাধ্যতামূলক কাজ না করানোসহ তাঁদের ১৫ দফা মানতে হবে।একই সঙ্গে শ্রমিকেরা অনতিবিলম্বে অপসো-স্যালাইনের কর্মকর্তা সাদেকুল ইসলাম, দীপক নাগ, রেজাউল করিম, মানিক পাল, সায়মুল আমিনসহ ১০ জন কর্মকর্তার অপসারণ দাবি করেন।গ্লোবাল ক্যাপসুলের মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, অপসো-স্যালাইনে বিক্ষোভ শুরুর খবর শুনে এখানকার শ্রমিকেরাও বিক্ষোভে নামেন। তবে এখানে কোনো ভাঙচুর করা হয়নি, শুধু তাঁদের আটকে রাখা হয়। এ ব্যাপারে অপসোনিন বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ জেনারেল (অ্যাডমিন) মো. সাঈদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে শ্রমিকেরা বিক্ষোভ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান। তাঁরা কর্মকর্তাদের মারধরও করেন। বিষয়টি মীমাংসার জন্য মালিকদের প্রতিনিধিরা বরিশালে আসছেন। এ ব্যাপারে অপসোনিন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আবদুস সবুরের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিক্ষোভের খবর শুনে তাঁরা সেখানে যান এবং মালিক পক্ষের সঙ্গে কথা বলেন।