বরিশালে অভ্যন্তরীণ নৌপথে ছোট লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালসহ দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোয় গতকাল শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। বৈরী আবহাওয়ায় কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ নৌপথে একতলা ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল অঞ্চলের নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক আজমল হুদা বলেন, নৌবন্দরগুলোয় আবহাওয়া অধিদপ্তর ২ নম্বর সতর্কসংকেত জারি করায় বরিশালের অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুট দৈর্ঘ্যের নিচের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সতর্কসংকেত কমানোর আগ পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ১২ দশমিক শূন্য ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থান করছে। এতে বরিশাল, বরগুনা ও পটুয়াখালী নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত ও নিকটবর্তী পায়রাসমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।