বরিশালে অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে এক অ্যাম্বুলেন্স চালককে চড়থাপ্পড় দেওয়ার জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স চালকেরা। গতকাল সোমবার সকাল থেকে হাসপাতাল চত্বরে অসংখ্য অ্যাম্বুলেন্স সারিবদ্ধ রেখে ঘটনার প্রতিবাদ জানান তাঁরা।
আকস্মিক অ্যাম্বুলেন্স ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনেরা। সবার অভিযোগ, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স নানা সমস্যার অজুহাতে বন্ধ থাকে। ফলে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের ওপরই তাঁদের নির্ভর করতে হয়। হাসপাতালে ভর্তি একজন রোগীর স্বজন মো. হানিফ হোসেন বলেন, ধর্মঘটের দোহাই দিয়ে গতকাল কোনো প্রাইভেট অ্যাম্বুলেন্স চলেনি। অনেকে বাধ্য হয়ে রোগীকে ইজিবাইকে এনেছেন।
দক্ষিণবঙ্গ অ্যাম্বুলেন্স চালক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন বলেন, গত শনিবার মামুন নামের এক শ্রমিককে মুমূর্ষু অবস্থায় বাকেরগঞ্জের দুধল থেকে স্পিডবোটে করে বরিশাল লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে মুঠোফোনে কল পেয়ে অ্যাম্বুলেন্স চালক রুবেল খলিফা তাঁর গাড়িতে করে মামুনকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। ওই অ্যাম্বুলেন্সে করেই মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামে নিয়ে যাওয়া হয়।
শাহাদত হোসেন বলেন, মরদেহ বাড়িতে পৌঁছানোর আগেই মামুনের বাড়িতে খবর পৌঁছায় ঠিকাদারের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন মামুনের স্বজনেরা। তখন মামুনের স্বজনেরা অ্যাম্বুলেন্স চালক রুবেলকে একটি কক্ষে আটকে রেখে রাতভর নির্যাতন করেন।