বরিশালে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা
বরিশালে স্কুলশিক্ষিকা আসমা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তাঁর স্বামী মো. মাসুদ আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার আসমা আক্তারের মা রহিমা বেগম বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মাসুদ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলায় ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দু-তিনজনকে। অন্য আসামিরা হচ্ছেন মাসুদ আলমের ভগ্নিপতি মো. শহীদুল আলম, খালু মো. শাহ আলম, মাসুদ আলমের কথিত প্রেমিক মিলা, মিলার বাবা মোতাহার হোসেন ও বড় ভাই লিজন।
আসমা আক্তারের ছোট বোন চিকিৎসক সুমি আক্তার বলেন, ‘আমরা চাই, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন নিন্দা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছে। ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
অ্যাসিড নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, বরিশাল সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ জোট, বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (বিএনডিএন), বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল নাটকসহ বিভিন্ন সংগঠন।