বরিশালে আ.লীগ নেতার বিরুদ্ধে এন্তার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে নগরের জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটি গঠন, শিক্ষকদের হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে ও আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে কলেজের শিক্ষকেরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন। শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শিক্ষকদের অভিযোগ, পরিচালনা পর্ষদের মেয়াদ ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত থাকার পরও শিক্ষক প্রতিনিধিদের বাদ দিয়ে প্রভাব খাটিয়ে শিক্ষা বোর্ড থেকে নিজেকে সভাপতি করে পাঁচ সদস্যের পর্ষদ করে নিয়ে আসেন আনোয়ার হোসেন। একাধিক শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, ‘বোর্ড ওই কমিটি করে দিয়েছে। এখানে আমি কিছুই করিনি।’ শিক্ষকদের হুমকি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে তিনি বলেন, ‘একজন শিক্ষককে রাখা সম্ভব হবে না এমন কথা তার বড়ভাইকে বলেছি। এ ছাড়া কাউকে হুমকি দিইনি।’বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, নতুন কলেজ শাখা চালু করতে হলে এডহক কমিটির পরিবর্তে একটি কার্যকরী কমিটি করতে হয়। ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটাই করা হয়েছে। এখানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ বাতিল করা হয়নি।