বরিশালে আ.লীগ নেতার হাতে প্রকৌশলী ও সাংবাদিক লাঞ্ছিত
বরিশাল সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেছবাউল ইসলামের হাতে গতকাল বৃহস্পতিবার বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোশারেফ হোসেন ও স্থানীয় একজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে মেছবাউল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে নির্বাহী প্রকৌশলী মো. মোশারেফ হোসেনের কক্ষে যান। গণপূর্ত অধিদপ্তরের কোনো কাজ তাঁকে না দেওয়ায় তিনি নির্বাহী প্রকৌশলীকে গালিগালাজ করতে থাকেন। নির্বাহী প্রকৌশলী তাঁকে জানান, নিয়মবহির্ভূতভাবে কোনো কাজ দেওয়া সম্ভব নয়। এতে মেছবাউল ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় সেখানে উপস্থিত জনকণ্ঠ-এর বরিশাল প্রতিনিধি কাজী শামীম প্রতিবাদ করলে মেছবাউল ও তাঁর সহযোগীরা শামীমকেও লাঞ্ছিত করেন। কক্ষে থাকা অন্য ঠিকাদারেরা মেছবাউল ও তাঁর লোকজনকে নিবৃত্ত করেন।নির্বাহী প্রকৌশলী মো. মোশারেফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মেছবাউল দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঠিকাদারি কাজ দাবি করে আসছিলেন। দাবি মেটাতে না পারায় তিনি আমাকে গালিগালাজ করেছেন। তবে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি। বিষয়টি মেয়র শওকত হোসেনকে জানানো হবে। তিনি কোনো পদক্ষেপ না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’