বরিশালে আ.লীগের তালিকা চূড়ান্ত হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ছয়টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকা আজ সোমবার স্থানীয়ভাবে চূড়ান্ত করে ঢাকায় পাঠানো হবে।
ইতিমধ্যে বাকেরগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়ার নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে প্রথম নির্বাচন হতে যাওয়া উজিরপুরে যুবলীগের নেতা গিয়াসউদ্দিনের নাম স্থানীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে।
আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী জানান, উজিরপুর পৌরসভায় এবার প্রথম নির্বাচন হবে। তাই সেখানকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি পাঁচটিতে বিগত নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীরা বিজয়ী হন। এবারও তাঁরাই প্রার্থী হবেন এমন আভাস পাওয়া গেছে। এর মধ্যে বাকেরগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে জেলার মনোনয়ন বোর্ড।
জেলা মনোনয়ন বোর্ডের সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, বর্তমান মেয়ররা প্রার্থী থাকছেন এটা ঠিক নয়। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। সেখানে বর্তমান মেয়র কিংবা দলের নিবেদিত কর্মীকেই মূল্যায়ন করা হচ্ছে। ইতিমধ্যে দুই পৌরসভার জন্য দুজনের নাম ঘোষণা করা হয়েছে। আজ সোমবারের মধ্যে বাকি চার পৌরসভার প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হবে।