বরিশালে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে আহত হয়েছেন ৮-১০ জন নেতা-কর্মী। গতকাল সোমবার দুপুরে নগরের সোহেল চত্বরে আওয়ামী লীগের কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের সমর্থক নেতা-কর্মীরা দলের জেলা কার্যালয়ে জড়ো হয়ে একটি মিছিল বের করতে চান। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থক নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় হিরন-সমর্থক মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন, ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে আসা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান শওকত-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের পক্ষের নেতা-কর্মীরা। এতে ছাত্রলীগের সাবেক নেতা মোয়াজ্জেম হোসেন, মো. শহীদসহ সাত-আটজন আহত হন।

এ ঘটনার পর আবদুর রাজ্জাকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। ঘণ্টা খানেকের এ সংঘর্ষের সময় সদর রোড, সোহেল চত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একজন নেতা বলেন, গত সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়। আবুল হাসানাতের আত্মীয় হয়েও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন বাবুল সিটি নির্বাচনে শওকত হোসেনকে সমর্থন করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম অভিযোগ করেন, গত রোববার রাতে মহিউদ্দিন বাবুলকে ঢাকায় একটি হোটেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন হাসানাতের সমর্থক নেতা-কর্মীরা। এর প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করার চেষ্টা করা হলে জেলা আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা হামলা চালান।

মহিউদ্দিন বাবুল প্রথম আলোকে বলেন, ‘আবুল হাসানাত আবদুল্লাহর তিন ছেলে এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান আমার হোটেল কক্ষে ঢুকে শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করে। তারা আমার গালে সিগারেটের ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে। আমি সিটি নির্বাচনে শওকত হোসেনের পক্ষে কাজ করেছি, এটাই আমার অপরাধ।’

শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে বাবুলকে মারধর করার পর তারা ঢাকায় আমার বাসায় হামলার চেষ্টা করে। এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

এ ব্যাপারে আবুল হাসানাতের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর পক্ষের নেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, জেলা ও মহানগর সমর্থকদের মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটা তেমন বড় কোনো ঘটনা নয়।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, মিছিল করা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।