বরিশালে আ.লীগের ১৫ নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা, মুলাদী, বাবুগঞ্জ, বানারীপাড়া ও আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগের ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব নেতা উপজেলা পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
গত শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
বহিষ্কৃত নেতারা হলেন হিজলা উপজেলার চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী, কাইয়ুম খান রেজভী, দলিলুর রহমান সিকদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার, মুলাদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক রাঢ়ী, ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান খোকন, ফারজানা বিনতে ওহাব, সালমা আক্তার, বানারীপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুন নেছা, আগৈলঝাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী জোতিন্দ্র নাথ মিস্ত্রী, গিয়াসউদ্দিন খান, ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়ারা বেগম, পবিত্র রানী হালদার ও শেফালী রানী সরকার।