বরিশালে আইনজীবীদের কালো পতাকা মিছিলে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিচারপতিদের অভিশংসন আইন বাতিলের দাবিতে বের করা কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ গতকাল রোববার ওই মিছিল বের করে। পরে অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে একটি কালো পতাকা মিছিল বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিচারপ্রতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে বের হওয়া মিছিলটি ফজলুল হক অ্যাভিনিউ হয়ে সদর রোডের দিকে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় বরিশাল ও জেলা দায়রা জজ আদালতের সামনে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে জেলা জজ আদালতের মূল ফটকের সামনে আইনজীবীরা অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের নিয়ন্ত্রণে তুলে দেওয়ার ওই আইন বাতিলের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, আইনজীবীরা আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী। বিচার বিভাগ বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। যুগে যুগে আইনজীবীরা আইনের শাসন ও গণতন্ত্র রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই সরকার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে তুলে দিয়ে বিচারব্যবস্থাকে খর্ব করার চেষ্টা করছে। একই সঙ্গে বক্তারা আজ সোমবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নগরবাসীকে আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক এনায়েত হোসেন, বিএনপির নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।