বরিশালে আগুনে পুড়ে ৩৮টি দোকান ছাই

বরিশাল শহরে গত বৃহস্পতিবার রাতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে পোর্ট রোডের মৎস্য অবতরণকেন্দ্রে আগুন লেগে ২০টি মাছের আড়ত ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। আর দপ্তরখানা এলাকার কাঠের আড়তে লাগা আগুনে পুড়ে গেছে ১৮টি দোকান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুটি অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, তাঁদের হিসাব অনুযায়ী ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মৎস্য অবতরণকেন্দ্রের শ্রমিকদের সরদার মো. খালেক মিয়া বলেন, রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত। প্রথমে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল সকালে পোর্ট রোডে গিয়ে দেখা যায়, দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ীরা বিলাপ করছেন। ব্যবসায়ী করম আলী বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি!’
পোর্ট রোড মৎস্য সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, আগুনে ২০টির মতো মাছের আড়ত পুড়ে গেছে। এ ছাড়া সাতটি ফ্রিজসহ বেশ কয়েক মণ ইলিশ মাছ পুড়ে গেছে। মারা গেছে পাশের একটি গোয়ালঘরে থাকা তিনটি গরুও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, বিড়ি-সিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। তিনটি ইউনিট একযোগে কাজ করে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দপ্তরখানা এলাকার কাঠ ব্যবসায়ীরা বলেন, সেখানে রাত পৌনে চারটার দিকে আগুনের সূত্রপাত। এলাকার লোকজন টের পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১৮টি দোকানেরসব কাঠ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তাঁদের ধারণা, দুটি স্থানেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মাছের আড়ত পুড়ে ক্ষতি হয়েছে ৩৫ লাখ টাকার আর কাঠের আড়তের ক্ষতি ৩০ লাখ টাকা।