বরিশালে আজ জীবনানন্দ মেলা শুরু
বরিশালে আজ শুক্রবার শুরু হচ্ছে তিন দিনের জীবনানন্দ মেলা। জাতীয় কবিতা পরিষদ বরিশাল এ মেলার আয়োজন করেছে। সকাল নয়টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের আয়োজন। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক মিহির সেনগুপ্ত। বেলা ১১টায় জীবনানন্দ দাশ সড়কের মিলনায়তনে বসবে লেখক আড্ডা, কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা। সন্ধ্যা ছয়টায় অশ্বিনীকুমার হলে সংবর্ধনা দেওয়া হবে কবি আসাদ চৌধুরী ও ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদকে। এই আয়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বইমেলা। থাকবে জীবনানন্দ-বিষয়ক প্রামাণ্য প্রদর্শনী, আলোচনা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান।সংবর্ধনা জানানো হবে গতিধারার প্রকাশক সিকদার আবুল বাশার, কথা প্রকাশের প্রকাশক মোহাম্মদ জসিমউদ্দিনকে। আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক মুহামঞ্চদ মুহসিন, কবি তপংকর চক্রবর্তী, মোসতাক আল মেহেদী, আসমা চৌধুরী, নজমুল হোসেনসহ অনেকে। জীবনানন্দ মেলার আহ্বায়ক কবি পার্থ সারথি বলেন, ‘কবির জন্মদিন উপলক্ষে মেলা করার ইচ্ছা ছিল। কিন্তু তাঁর জন্মমাস ফেব্রুয়ারিতে ঢাকায় জাতীয় বইমেলার কারণে করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে তাঁর মৃত্যুদিবস উপলক্ষে মেলা করার ইচ্ছা থাকলেও ঈদ ও পূজার কারণে করা সম্ভব হয়নি। তাই এখন এই আয়োজন।’