বরিশালে আঞ্চলিক আবৃত্তি উৎসব
দুই দিনব্যাপী বরিশাল আঞ্চলিক আবৃত্তি উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। এর আগে ‘কবিতা হোক তাদের, যাদের হূদয়ে আছে মুক্তিযুদ্ধ, আছে শহীদ মিনার’ শিরোনামে শুক্রবার সন্ধ্যা সাতটায় নগরের অশ্বিনীকুমার হলে এ উৎসব শুরু হয়।স্বাধীনতার ৪০ বছরকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে ৪০ জন বিশিষ্ট ব্যক্তির মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই উৎসবের সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘একাত্তর-পরবর্তী সময় শত্রুদের প্রত্যাঘাত করতে পারলে রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা শোভা পেত না। সব কিছু ভুলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন আমাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।’বিভাগীয় আবৃত্তি উৎসবের আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী, সংস্কৃতজন নিখিল সেন, মানবেন্দ্র বটব্যাল, মীর মুজতবা আলী প্রমুখ।উৎসবে ঢাকা ও বরিশালের বিশিষ্ট আবৃত্তিশিল্পীদের পরিবেশনা ছাড়াও বিভাগের ছয় জেলার আবৃত্তিশিল্পীরা অংশ নেন।