বরিশালে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ট্রেড লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশ ও অবৈধভাবে গড়ে তোলা স্থাপনায় ব্যবসা পরিচালনার অভিযোগে নগরের আটটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন বরিশাল সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার নগরের ব্রজমোহন (বিএম) কলেজ রোড ও নথুল্লাবাদ এলাকায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাইল হোসেন এ অভিযান চালান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কলেজ রোডের আবুল হোসেনের খাবার হোটেলকে দুই হাজার টাকা, রণজিৎ কুমারের সেলুনকে তিন হাজার, সাহেরা খাতুনের স্বর্ণা ট্রেইলার্সকে এক হাজার, শাহ আলমের খাবার হোটেলকে দুই হাজার, নথুল্লাবাদে সুমন ঘোষের নিউ বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, মো. মামুনের ফলের দোকানকে তিন হাজার, বশিরুল্লাহ মিন্টুর আল্লাহর দান খাবার হোটেলকে ১০ হাজার ও কাওসার হোসেনের খাবার হোটেল নিরিবিলিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।