বরিশালে আদালতে অগ্নিকাণ্ড, নথি ছাই
বরিশাল জেলা জজ আদালতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আদালতের এজলাসসহ কয়েকটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি নাশকতা কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ ও প্রশাসন।
আদালতের জারিকারক প্রত্যক্ষদর্শী মো. আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, রাত ১০টার দিকে জজ আদালতের পেছনের দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই আদালতের এজলাস, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এর সঙ্গে পাশে থাকা আরও দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়লে কাগজপত্র পুড়ে যায়।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রথম আলোকে জানান, ‘আদালত ভবনের পেছনের দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত। রাতে বিদ্যুৎ বন্ধ করা কক্ষে বিদ্যুতের শর্টসার্কিটে অগ্নিকাণ্ড ঘটা প্রায় অসম্ভব। আদালত ভবনের পাশে নির্জন সড়ক থাকায় সেখান থেকে দুর্বৃত্তরা নাশকতাও ঘটিয়ে থাকতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও জানান, ওই আদালতের এজলাস ছাড়াও পাশে উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সেরেস্তার কক্ষে থাকা নথিপত্রের ৮০ শতাংশ পুড়ে গেছে। একই সঙ্গে আগুন নেভানোর পানিতে আরেকটি কক্ষে রাখা অর্পিত সম্পত্তি (ভিপি) প্রত্যর্পণ মামলার কাগজপত্র নষ্ট হয়েছে।
ফায়ার সার্ভিসের বরিশালের উপপরিচালক মো. শাওকাত হোসাইন অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি।