বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর দাবিতে মানববন্ধন

বরিশালে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকার পরও আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে না। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এগিয়ে থাকলেও পৃষ্ঠপোষকতার অভাবে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে বরিশাল। আঞ্চলিক বৈষম্যের কারণে অবহেলিত অবস্থায় পড়ে আছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।
বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রিকেট খেলোয়াড় ও সাধারণ নাগরিকেরা। গতকাল মঙ্গলবার বেলা একটায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে প্রচণ্ড গরম উপেক্ষা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন ওই কর্মসূচিতে।
বয়েজ অব বরিশাল নামের সংগঠনের আয়োজনে ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বরিশালের ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বেসিক ক্রিকেট কোচিং একাডেমি, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ব্রজমোহন কলেজ, কমার্শিয়াল কলেজ, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মডেল ইউথ পার্লামেন্ট, হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইউথ এন্ডিং হাঙ্গার, দাবা উপপরিষদ, বরিশাল জিলা স্কুল, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র মৈত্রীসহ অনেক সংগঠন।
এ সময় বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, স্বপন খন্দকার, কাউন্সিলর এস এম জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ, ছাত্রমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার ও কিউরেটর মো. জহিরুল ইসলাম বলেন, বরিশালের স্টেডিয়ামটি অন্যান্য যেকোনো স্টেডিয়ামের চেয়ে বড়। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী। তারপরও কোনো বড় ম্যাচ আয়োজন করা হচ্ছে না। ফলে বরিশালে নতুন নতুন ক্রিকেট খেলোয়াড় গড়ে উঠছে না।