বরিশালে আবার চলবে বিমান বাংলাদেশ
দীর্ঘদিন বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা আকাশপথে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনের সেবা। ৮ এপ্রিল থেকে সপ্তাহে দুই দিন বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট ওই সেবা দেবে।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজি জানান, দীর্ঘদিন পর হলেও জাতীয় পতাকাবাহী বিমান বরিশাল-ঢাকা রুটে চালু হচ্ছে। ইতিমধ্যে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমানের উদ্বোধন করেছেন। বরিশাল বিমানবন্দরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার থেকে বরিশাল-ঢাকা আকাশপথে সপ্তাহে দুই দিন বিমান সার্ভিস চালু হবে।
বরিশালের সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম মাধ্যম নৌ ও সড়কপথ। তবে জরুরি যাতায়াতের ক্ষেত্রে বিমানের বিকল্প নেই। দীর্ঘদিন বিমান চলাচল বন্ধ থাকায় বরিশালে উদ্যোক্তারা আসছেন না। এ ছাড়া পর্যটন এলাকা কুয়াকাটা যাওয়ার দীর্ঘসূত্রতায় পর্যটকেরাও বরিশালের প্রতি আগ্রহ হারান।
স্থানীয় উদ্যোক্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়িক জরুরি প্রয়োজনে বরিশাল-ঢাকার যোগাযোগ না থাকায় আমদানিকারকেরা বরিশালে আসতে চান না। বিমান চালু থাকলে ব্যবসায়িক অনেক সুবিধা বাড়বে। কয়েক দফা চালু ও বন্ধ থাকা বিমানের সার্ভিস যেন আর বন্ধ না হয়, সেটা প্রত্যাশা করি।’
দ্রুত যোগাযোগ ও পর্যটনশিল্পকে আকৃষ্ট করতে বরিশালের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ১৯৬৮ সালে জমি অধিগ্রহণ করা হয়। এর ২৭ বছর পর ১৯৯৫ সালের ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বেসরকারি সংস্থার বিমান দিয়ে চালু হয় বরিশাল বিমানবন্দর। ওই বছরের ৩ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনস চালু হয় এই রুটে। তিন বছর সেবা দেওয়ার পর অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় বিমানের সার্ভিস। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৩ সালে আবারও চালু হয় বিমান। ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। এর পর থেকে বরিশাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের আর কোনো সার্ভিস চালু হয়নি। কাল শুরু হওয়া এই সার্ভিস অব্যাহত রাখার দাবি করেছেন বরিশালের ব্যবসায়ী ও নাগরিকেরা।