বরিশালে আবার ৪০ শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় l প্রথম আলো
গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে গতকাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় l প্রথম আলো

বরিশালে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে ৪০ স্কুলশিক্ষার্থী। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার নয়ানী মাধ্যমিক বিদ্যালয় এবং আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, বেলা সাড়ে ১১টায় অষ্টম শ্রেণির খুকুমণি ও মীম নামের দুই ছাত্রী হঠাৎ মূর্ছা যায়। তাদের প্রাথমিক সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর ষষ্ঠ শ্রেণির আরও তিন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়লে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। একপর্যায়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। পরে শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার পথে এবং বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে। অভিভাবক এবং শিক্ষকদের সহযোগিতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
নবম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তারের মা মুন্নি বেগম বলেন, ‘সোনিয়া বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি।’ ষষ্ঠ শ্রেণির ছাত্রী আঁখি আক্তারের ফুফু পরীবানু বলেন, ‘আঁখি স্কুলেই অজ্ঞান হয়ে পড়ে। শিক্ষকেরা এ সংবাদ দেন। পরে তাকে হাসপাতালে আনি। বিছানা না থাকায় বারান্দায় রাখা হয়েছে।’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা বলেন, এটা একধরনের মানসিক রোগ। একজন অচেতন হয়ে পড়েছে দেখে অন্যরাও অচেতন হয়ে পড়ে। সাধারণত ১২ থেকে ১৪ বছর বয়সের ছেলেমেয়েরা এতে বেশি আক্রান্ত হয়। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই।
এর আগে বৃহস্পতিবার সদর উপজেলার চানপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী একইভাবে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়।