বরিশালে আবারও অপসোনিনের দুটি কারখানায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে পুনরায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন গ্রুপের দুটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। নগরের রূপাতলীতে অবস্থিত গ্লোবাল ক্যাপসুল লিমিটেড কারখানা এবং বগুড়া রোডে অবস্থিত অপসো স্যালাইন কারখানার শ্রমিকেরা গতকাল রোববার এ বিক্ষোভ করেন।এর আগে গত ৬ আগস্ট বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তাঁদের ছাঁটাই করা হবে না—এমন আশ্বাস দেওয়ার পর কাজে ফিরে যান দুই কারখানার প্রায় তিন হাজার শ্রমিক। তবে ওই বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শ্রমিকদের মধ্য থেকে বেশ কয়েকজনকে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এ বিক্ষোভ ও ভাঙচুর চালান শ্রমিকেরা।গ্লোবাল ক্যাপসুল কারখানার শ্রমিক মো. সবুজ বলেন, গতকাল ছাঁটাই করা শ্রমিকেরা কাগজপত্র পেলে ক্ষিপ্ত হয়ে দুপুর দেড়টার পর কারখানার ভেতরে এ বিক্ষোভ করেন।অপসো স্যালাইনের ছাঁটাই হওয়া শ্রমিক মো. রুস্তম বলেন, গতকাল সকালে কাজে যোগ দিতে গেলে কারখানার ফটকে নিরাপত্তারক্ষীরা ছাঁটাই শ্রমিকদের পরিচয়পত্র দেখে কর্মকর্তাদের কাছে নিয়ে যান। তাঁরা দুটি কাগজে স্বাক্ষর ও একটি কাগজে টিপসই রেখে পরিচয়পত্র ও ব্যাংক থেকে বেতন তোলার পাঞ্চ কার্ড জোরপূর্বক রেখে একেকজনকে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক দিয়ে চলে যেতে বলেন।এ সময় ছাঁটাই করা শ্রমিকেরা যেতে না চাইলে তাঁদের ছিনতাইকারী অভিহিত করে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কারখানায় উত্তেজনা দেখা দিলে কর্মকর্তারা ভয়ভীতি দেখিয়ে তাঁদের শান্ত করেন।শ্রমিকদের এ অভিযোগ অস্বীকার করে অপসো স্যালাইনের প্রশাসনিক কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, ছাঁটাই আতঙ্কে কিছু শ্রমিক বিক্ষোভের চেষ্টা করেছেন। তাঁরা ভাঙচুরও করেন। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।এ ব্যাপারে অপসোনিন বাংলাদেশ লিমিটেডের এক্সি-কিউটিভ জেনারেল (অ্যাডমিন) মো. সাইদুর রহমান বলেন, ছাঁটাই আতঙ্কে গ্লোবাল ক্যাপসুল কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। তবে সেখানে কোনো শ্রমিক ছাঁটাই হয়নি। এ ছাড়া তিনি অপসো স্যালাইনের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিয়ার রহমান বলেন, কারখানার ১৩ জন শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। কারখানার কিছু জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।