পদ্মায় পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় বরিশালে আরও চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মেহেন্দীগঞ্জ থানার পুলিশ একটি এবং হিজলা থানার পুলিশ তিনটি লাশ উদ্ধার করে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেন্দীগঞ্জে মেঘনা নদী থেকে নূর আলম (১৬) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত একটার দিকে হিজলা উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারী (২৫), একজন পুরুষ (৩৫) ও মেয়েশিশুর (৮) লাশ উদ্ধার করা হয়।
মেহেন্দীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সকালে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত তরুণের পকেটে থাকা মুঠোফোন থেকে তার পরিচয় ও পরে আত্মীয়স্বজনের খোঁজ পাওয়া যায়। স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে প্রথম আলোকে জানান, নূর আলমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। দুপুরে পরিবারের সদস্যদের হাতে তার লাশ হস্তান্তর করা হয়।
হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার গৌরাদী ইউনিয়ন বালুচর নামে একটি চর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গতকাল সকালে লাশ তিনটি মাওয়ায় পাঠিয়ে দেওয়া হয়।