বরিশালে আসাদ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।’
কবি শামসুর রাহমানের অমর কবিতা ‘আসাদের শার্ট’।
কবিতার লাইনগুলোর কথা মনে পড়লেই ৬৯-এর গণ-অভ্যুত্থানের কথা মনে পড়ে। বরিশালে সেই উত্তাল ২০ জানুয়ারি ‘আসাদ দিবস’ পালন করতে গিয়ে এমন নানা স্মৃতির কথা তুলে ধরলেন বক্তারা।
গতকাল বুধবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় আসাদ দিবসের। স্মারক বক্তৃতা আর আলোচনা সভার মধ্য দিয়ে ৪৭তম আসাদ দিবস পালন করে শহীদ আসাদ পরিষদ।
স্মারক বক্তৃতায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের আজকের এই দিনে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান ও তাঁর এ-দেশীয় গভর্নর মোনায়েম খানের পদত্যাগ এবং আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিলের দাবিতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৪৪ ধারা ও পুলিশি বাধা উপেক্ষা করে ১১ দফা বাস্তবায়নের দাবিতে মিছিল বের করে। মিছিলে গুলি চালায় পুলিশ। গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও শহীদুল্লাহ হল শাখার তৎকালীন সভাপতি আসাদুজ্জামান আসাদ শহীদ হন। আসাদের ওই আত্মত্যাগের মধ্য দিয়েই ’৬৯-এর গণ-আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়, যার পথ ধরে আসে ৭০-এর ঐতিহাসিক নির্বাচন আর ৭১-এর মহান মুক্তিযুদ্ধ।