বরিশালে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।গত বুধবার বেলা ১১টার দিকে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।কোতোয়ালি বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান, বিএনপির নেতা আবুল কালাম, আনোয়ারুল হক, মনিরুজ্জামান, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলতাফ হোসেন, যুবদলের নেতা সাহেদ আকন, ছাত্রদলের নেতা পারভেজ আকন, খন্দকার আবুল হাসান প্রমুখ। বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদউদ্দিন ৪ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি ডায়েরিও করা হয়। ছয় দিন পর ১০ ডিসেম্বর শনিবার দুপুরে কালিজিরা নদী থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।